মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

কুষ্টিয়া ভোটে ভিন্ন চিত্র: দৌলতপুরে ধানের শীষ, বাকি তিনে দাঁড়িপাল্লা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২০ সময় দেখুন
কুষ্টিয়া ভোটে ভিন্ন চিত্র: দৌলতপুরে ধানের শীষ, বাকি তিনে দাঁড়িপাল্লা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ফরিদ আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনের বেসরকারি ফলাফলে দেখা গেছে ভিন্নধর্মী এক রাজনৈতিক চিত্র। জেলার তিনটি আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা। আর একটি আসনে বিজয় গেছে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীর ঝুলিতে। পোষ্টাল ভোট বাদ দিয়ে সব কেন্দ্রের প্রাপ্ত ফল বিশ্লেষণে এমন ফলাফলই উঠে এসেছে।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে মোট ১৩৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সব কেন্দ্রের ফল অনুযায়ী ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী রেজা আহমেদ ১,৬৫,০৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বেলাল উদ্দিন পান ৮৫,০৮৫ ভোট। এ আসনেই জেলার মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে জয় পায় ধানের শীষ।
অন্যদিকে কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনে ১৭০টি কেন্দ্রের ফল গণনা শেষে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুল গফুর ১,৮৯,৮১৬ ভোট পেয়ে এগিয়ে থাকেন। ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী পান ১,৪৩,২৮২ ভোট। ব্যবধান দাঁড়ায় ৪৬,৫৩৪ ভোট।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আমীর হামজা ১,৮০,৬৯০ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার পান ১,২৬,৯০৯ ভোট। এখানে ব্যবধান ৫৩,৭৮১ ভোট।
কুষ্টিয়া-৪ (কুমারখালী–খোকসা) আসনে প্রতিদ্বন্দ্বিতা ছিল তুলনামূলক কাছাকাছি। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আফজাল হোসেন পান ১,৪৫,০০৬ ভোট। ধানের শীষের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী পান ১,৩৯,০৫৬ ভোট। ব্যবধান ৫,৯৫০।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জেলার তিনটি আসনে ফলাফলের পেছনে সাংগঠনিক প্রস্তুতি ও মাঠপর্যায়ের সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্থানীয়ভাবে বিএনপির একাধিক নেতাকর্মীর মধ্যে মতভেদ, মনোনয়ন নিয়ে অসন্তোষ এবং সমন্বয় ঘাটতির বিষয়গুলো নির্বাচনের আগে থেকেই আলোচনায় ছিল। এতে ভোটব্যাংকের একটি অংশ ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর