আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ওকেশা অঞ্চলের একটি ক্রিসমাস প্যারেডের জমায়েতের ওপর গাড়ি চালিয়ে দেওয়ায় ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।
রোববার (২১ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে ওই হামলার ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, অনলাইনে পোস্ট করা এক ডিভিও ক্লিপে দেখা গেছে, লাল রঙের একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) প্যারেডে অংশ নেওয়া বেশ কয়েকজনের ওপর দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে। ভিডিওতে আরও দেখা যায়, রাস্তার পাশের খুঁটিতে গাড়িটি ধাক্কা খেলে পুলিশ গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ছে।
ওকেশার পুলিশ প্রধান ড্যান টমসন সংবাদমাধ্যমকে জানান, ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করার পাশাপাশি একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, গাড়িটি অন্তত ২০ জনকে আঘাত করেছে। তাদের মধ্যে এক শিশুও রয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ঠিক কতজন হতাহত হয়েছেন জানতে চাওয়া হলে তিনি বলেন, এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এটি সন্ত্রাসী হামলা কি না তাও জানাতে পারেননি পুলিশের ওই শীর্ষ কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শী এক নারী স্থানীয় ফক্স সিক্স টেলিভিশনকে জানান, গাড়িটি ৯-১৫ বছর বয়সী শিশুদের নাচের দলকে মাড়িয়ে যায়।
দ্য চিলড্রেন’স উইসকনসিন হাসপাতাল কর্তৃপক্ষ টুইটারে জানায়, স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত তাদের কাছে আহত অবস্থায় ১৫ জনকে আনা হয়েছে। সেসময় কারও মৃত্যুর কথা জানা যায়নি।
হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, সন্ধ্যার এ ঘটনা প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে।
সারাবাংলা/একেএম