সিরাজগঞ্জ শপ এবং আলাদিনের প্রদীপসহ কয়েকটি ই-কমার্সের রিফান্ড কার্যক্রমের টাকা নগদ একাউন্টের মাধ্যমে ফেরত আসার পর ওই একাউন্টগুলো স্থগিত করা হয়েছে বলে জানান অসংখ্য গ্রাহক। এতে করে গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করবে বলেও জানা গেছে।
নগদ থেকে গ্রাহকদের ফোনে আসা এসএমএস এ জানানো হয়- কতিপয় অসাধু ই-কমার্স প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হওয়ায় আপনার অ্যাকাউন্টটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থা ও যথাযথ কর্তৃপক্ষের তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা সাপেক্ষে, পরবর্তী পদক্ষেপ আপনাকে অবহিত করা হবে।
এ বিষয়ে নগদের পক্ষ থেকে জানানো হয়, গত কদিনে কিছু সংখ্যক ‘নগদ’ গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠানগুলোয় অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে অধিকতর পর্যালোচনা ও লেনদেনের ধরন পরীক্ষা করে কিছু অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পাশাপাশি অ্যাকাউন্টগুলোর তালিকা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর কাছে হস্তান্তর করা হয়েছে।