
ইউনাইটেড নিউজ২৪ ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১২৮ জন এবং নারী ১১৩ জন।রোববার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে ১৮৮ জন, বেসরকারি হাসপাতালে ৪৪ জন এবং বাড়িতে ৯ জনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ হাজার ৬৫২ জনে।
একই সময়ে ৪২ হাজার ৩টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ২৯৯ জনের। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৮১ লাখ ১৭ হাজার ৪১০টি এবং আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জনে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৪ দশমিক ৫২ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৬৮ শতাংশ।