EARN প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, প্রশিক্ষণার্থী নির্বাচন ও প্রকল্পের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সার্ভিস প্রোভাইডারদের প্রতিনিধিদের নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর সকালে রাজধানীর পুরানা পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে প্রকল্প কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন।
বৈঠকের শুরুতে সভার এজেন্ডাগুলো উল্লেখ করে প্রতিনিধিদের স্বাগত জানান প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) কাজী মোখলেছুর রহমান।
EARN প্রকল্পের আওতায় মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সার্ভিস প্রোভাইডাররা ইতোমধ্যেই তাদের বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। তাদের সঙ্গে চুক্তি অনুযায়ী, সব সম্মত কার্যক্রম ও ডেলিভারেবল নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে।
সভায় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে অ্যাডভান্স গ্যারান্টি ও ইনস্যুরেন্স, প্রকল্পের মূল ও সহযোগী বিশেষজ্ঞ নিয়োগ, অফিস ব্যবস্থাপনা, উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া ও হালনাগাদ তথ্য, ভোকেশনাল লার্নিং অ্যান্ড ট্রেনিং সেন্টার (VLTC), কমিউনিটি গ্রুপ (CG) এবং উপজেলা কো-অর্ডিনেশন কমিটি (UCC) গঠন।
সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানগুলো হলো – ব্র্যাক , সেভ দ্যি চিলড্রেন, কেয়ার বাংলাদেশ এবং ঢাকা আহছানিয়া মিশন। ব্র্যাক কাজ করছে ঢাকা ও রংপুর বিভাগে। সেভ দ্য চিলড্রেন বরিশাল এবং কক্সবাজার ও চট্টগ্রাম জেলায়, কেয়ার বাংলাদেশ তিন পার্বত্য জেলা এবং খুলনা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে এবং ঢাকা আহছানিয়া মিশন কুমিল্লা, ব্রাক্ষ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলা এবং সিলেট বিভাগে।
প্রতিটি প্রতিষ্ঠান তাদের জয়েন্ট ভেঞ্চারদের (জেভি) নিয়ে ২০২৮ সালের মধ্যে ৬৪ জেলার ২৫০ উপজেলার গ্রাম পর্যায়ে পাঁচ হাজার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে। সেসব কেন্দ্রের মাধ্যমে ৯ লাখ যুবক ও যুব নারীকে বর্তমান সময়ের চাহিদাভিত্তিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হয়ে ওঠার পথ দেখাবে, যা দেশের অর্থনৈতিক রূপান্তর ও স্বল্পোন্নত দেশ থেকে উত্তোরণের প্রক্রিয়াকে কার্যকরভাবে সহায়তা করবে।