আন্তর্জাতিক ডেস্ক
চিলির ৩৫ বছর বয়সী বামপন্থি নেতা গ্যাব্রিয়েল বোরিচ দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন সরকারবিরোধী আন্দোলনে যুক্ত থাকা বোরিচ অতি ডানপন্থি নেতা অ্যান্তোনিও কাস্তকে পরাজিত করেছেন।
ডয়চে ভেলে জানাচ্ছে, এই তরুণ বামপন্থি নেতাই এখন চিলির স্বপ্ন। সাম্প্রতিক নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট দিয়ে চিলির জনগণ তাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে। ২০২২ সালের মার্চ মাসে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন তিনি।
তবে, বোরিচের এই যাত্রা সহজ ছিল না। তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ৫৫ বছরের অতি ডানপন্থি নেতা হোসে আন্তোনিও কাস্ত। ক্যাথলিক এই নেতা নয় সন্তানের বাবা। তার ভাই চিলির একনায়ক অগাস্তো পিনোশের অন্যতম উপদেষ্টা ছিলেন। কাস্তও তার নির্বাচনি প্রচারণায় পিনোশের গুণগান করেছেন।
চিলির সংবাদমাধ্যমের দাবি, কাস্তের জার্মান বাবা নাৎসি ছিলেন।
অন্যদিকে, ৩৫ বছরের বামপন্থি ছাত্রনেতা সরকারবিরোধী আন্দোলন করেই আলোকবৃত্তে উঠে এসেছেন। একনায়কতন্ত্রের ঘোর বিরোধী এই নেতা জানিয়েছিলেন, ক্ষমতায় এলে তিনি চিলির একাধিক প্রশাসনিক সংস্কার করবেন। তার মধ্যে ধনী ব্যক্তিদের ওপর অতিরিক্ত কর চাপিয়ে সাধারণ মানুষের ওপর থেকে করের চাপ কমানোর প্রতিশ্রুতি অন্যতম।
ফলাফল ঘোষণার পরে কাস্ত টুইটারে জানিয়েছেন, ‘বোরিচের সঙ্গে কথা হয়েছে। তাকে অভিনন্দন জানিয়েছি। নিজের হার স্বীকার করছি। আশা করি দেশের জন্য ভালো কাজ করবেন তিনি।’
বোরিচও টুইট করে সকলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি তাদের সকলের প্রেসিডেন্ট হতে চাই। সকলে মিলেই এক শক্তিশালী চিলি গড়ে উঠবে।’
অপরদিকে, চিলির বর্তমান প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা জানিয়েছেন, মার্চের মধ্যে তিনি বোরিচের হাতে ক্ষমতা দিয়ে সরে যাবেন।
বোরিচ যে জিততে চলেছেন, তা অবশ্য আগেই বোঝা গিয়েছিল। প্রায় প্রতিটি সংবাদসংস্থার ভোট সমীক্ষাতেই এগিয়ে ছিলেন বোরিচ। তবে, ৫৬ শতাংশ ভোট পেয়ে তিনি ক্ষমতায় আসবেন, এমনটা অনেকেই ভাবতে পারেননি।
সারাবাংলা/একেএম