শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

জনগণ কষ্টে থাকলেও সরকারের ভ্রুক্ষেপ নাই : মোস্তফা ভুইয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৬৯ সময় দেখুন
জনগণ কষ্টে থাকলেও সরকারের ভ্রুক্ষেপ নাই : মোস্তফা ভুইয়া

দেশের জনগণ কষ্টে থাকলেও সরকারের কোনো ভ্রুক্ষেপ নাই মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, সরকার শুধু উন্নয়ন উন্নয়ন বলে চিৎকার করে। আর দেশে গ্যাস, বিদ্যুৎ ও পানির জন্য হাহাকার চলছে। প্রথম রোজায় রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস ছিল না। গ্যাস না থাকার কারণে ধর্মপ্রাণ মুসলমানরা ইফতার তৈরি করতে পারেননি।

শুক্রবার (৮ এপ্রিল) পল্টনের মাওলানা আতাহার আলী (রহ.) মিলনায়তনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে টিসিবির ট্রাকের পেছনে মানুষের লাইনে সাধারণ মানুষ দৌড়াদৌড়ি করে। সন্তানকে পাশে রেখে মা টিসিবির লাইনে দাঁড়িয়েছেন। মায়ের কষ্ট দেখে সন্তানও অন্য লাইনে দাঁড়িয়েছে। এর চেয়ে কষ্ট আর কী হতে পারে। এরপরও জাতীয় সংসদে দাঁড়িয়ে সরকারের মন্ত্রীরা নির্লজ্জের মতো বলে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আছে বলে মন্তব্য করে।

তিনি আরো বলেন, অনেক মানুষ ‘আধাপেট’ খেয়ে দিন যাপন করলেও সরকারের মন্ত্রীরা মানুষকে উপহাস করে চলেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ভাঙতে এবং বিকল্প বাজার ব্যবস্থা গড়ে তুলতে পারছে না। বরং বলে সরকার ব্যবসা নিয়ন্ত্রন করে না। এর মাধ্যমেই প্রমানিত হয় ব্যবসায়ীরাই সরকার নিয়ন্ত্রন করে। এ অবস্থায় জনগণের গণসংগ্রাম অব্যাহত রেখেই ৫০ বছরের লুটেরাদের বিরুদ্ধে নতুন বিকল্প শক্তি গড়ে তুলতে হবে।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুর রশিদ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবুল হাসনাত আমিনী। বক্তব্য রাখেন পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন, ইসলামী ঐক্যজোটের মহানগর সভাপতি মাওলানা আবুল কাশেম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মাওলানা আবদুল কাইয়ূম, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক এহতেশাম সারোয়ার, সহ সভাপতি মাওলানা শেখ লোকমান হোসেন, মাওলানা ইসমাইল বোখারী, সাংগঠনিক সম্পাদক মুহম্মদ নুরুজ্জামান প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর