বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ১ জুলাই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৮৩ সময় দেখুন


ঢাকা: আগামী মঙ্গলবার (১ জুলাই) উদযাপিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এবারের বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে।

বিশ্ববিদ্যালয় দিবসের মূল অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সম্মুখস্থ পায়রা চত্বরে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এর আগে সকাল সাড়ে ৯ টায় বিভিন্ন হল ও হোস্টেল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রাসহ স্মৃতি চিরন্তন চত্বরে একত্রিত হবেন। সকাল পৌনে ১০ টায় উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসজুড়ে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা।

পায়রা চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও হলগুলোর পতাকা উত্তোলন করা হবে এবং কেক কাটা হবে। এ সময় সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হবে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান। বিদেশি শিক্ষার্থীরাও এতে বিশেষ সংগীত পরিবেশনার মাধ্যমে অংশ নেবেন।

সকাল সাড়ে ১০ টায় টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হবে এক আলোচনা সভা। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। আরও উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। সভায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাইরা অংশ নেবেন।

আলোচনা সভার শুরুতে দিবসটি উপলক্ষ্যে প্রকাশিত ‘স্মরণিকা’র মোড়ক উন্মোচন করা হবে। বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে উপাচার্য ভবন, কার্জন হল, কলা ভবন ও টিএসসিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সড়কগুলোকে আলোকসজ্জায় সজ্জিত করা হবে। দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে, তবে পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ১৯২১ সালের ১ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়। দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় ধরে এই প্রতিষ্ঠান জ্ঞান, চিন্তা ও মুক্তচিন্তার আলো ছড়িয়ে দেশের অগ্রগতিতে অসামান্য ভূমিকা রেখে চলেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom