মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

দৌলতপুরের ঘটনায় সংবাদ প্রকাশ ও পুলিশি হয়রানির অভিযোগে জামায়াতের প্রতিবাদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৪ সময় দেখুন

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:

কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামে সংঘটিত শুক্রবার ( ২০ ফেব্রুয়ারি) সন্ধ্যার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন অনলাইন পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে পুলিশি হয়রানির অভিযোগও তুলেছে দলটি।

শনিবার (২১ ফেব্রুয়ারি ) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কর্ণফুলী উপজেলা আমীর মনির আবছার চৌধুরী ও সেক্রেটারি নুর উদ্দিন জাহাঙ্গীর দাবি করেন, প্রকৃত ঘটনা আড়াল করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, মিডিয়া ও প্রশাসনের ভূমিকা ‘দুঃখজনক’।

বিবৃতিতে বলা হয়, গতকাল সন্ধ্যা থেকে স্থানীয় বিএনপির সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা জামায়াত কর্মীদের বাড়িতে দফায় দফায় হামলা চালায়। পরবর্তীতে বিষয়টি মীমাংসার লক্ষ্যে ফাজিল খার হাট বাজারে গেলে স্বেচ্ছাসেবক দল নেতা টিটুর নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুনরায় হামলা করা হয় বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় জামায়াত নেতা আলমগীর, এনাম ও মামুনসহ অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আহতদের মধ্যে মামুন ও আলমগীরের অবস্থা আশঙ্কাজনক বলে উল্লেখ করা হয়। এছাড়া কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, পরিকল্পিতভাবে হামলা চালিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দমিয়ে রাখার অপচেষ্টা চালানো হয়েছে, যা গণতন্ত্র, ন্যায়বিচার ও সহাবস্থানের সংস্কৃতির ওপর আঘাত। তারা অভিযোগ করেন, হামলার শিকার হওয়ার পরও বিভিন্ন গণমাধ্যমে জামায়াতের ওপর দায় চাপানোর একটি ‘সুপরিকল্পিত ষড়যন্ত্র’ লক্ষ্য করা যাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু তার সমাধান কখনোই সহিংসতা বা মিথ্যাচারের মাধ্যমে হতে পারে না। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহতদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
একই সঙ্গে গণমাধ্যমের প্রতি পক্ষপাতহীন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ প্রশাসনকে নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর