আন্তর্জাতিক ডেস্ক
নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছে ভারত। ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফ থেকে এক টুইট বার্তায় বলা হয়, ইউক্রেনে বসবাসরত ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের অস্থায়ীভাবে ইউক্রেন ছাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
টুইট বার্তায় বলা হয়, ক্রমাগত উচ্চ মাত্রার উত্তেজনা এবং অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে সমস্ত ভারতীয় নাগরিক যাদের ইউক্রেন থাকা অপরিহার্য নয় এবং ভারতীয় শিক্ষার্থীদের অস্থায়ীভাবে ইউক্রেন ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, ইউক্রেন সীমান্তে গত বছর ধরে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। সাবেক সোভিয়েত ইউনিয়ন সদস্য রাষ্ট্র ইউক্রেন যেন ন্যাটোতে যোগ না দেয় এমন নিশ্চয়তা দাবি করে সামরিক শক্তি প্রদর্শন করছে মস্কো। ইউক্রেনের মিত্র যুক্তরাষ্ট্র মনে করছে, রাশিয়া যে কোনো সময় সামরিক হামলা চালাতে পারে। তবে রাশিয়া বরাবরই বলে আসছে, সামরিক হামলা চালানোর কোনো উদ্দেশ্য তাদের নেই।
গত কয়েকদিনে ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, বাংলাদেশ, নিউজিল্যান্ডসহ বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের সরে যাওয়ার অনুরোধ করেছে। এবার ভারতও প্রবাসীদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিলো।
সারাবাংলা/আইই