আন্তর্জাতিক ডেস্ক
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কের পর ডেমোক্র্যাটিক পার্টিতে নিজের অবস্থান নড়বড়ে হয়ে গেছে জো বাইডেনের। তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী। আগে থেকেই তার বয়সজনিত দুর্বলতা নিয়ে আলোচনা ছিল। কিন্তু ওই বিতর্কের পর এখন তা নিজ দলের মধ্যে আলোচনা-সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার হেভিওয়েট ডেমোক্র্যাট রাজনীতিবিদ ন্যান্সি পেলোসি এবং হলিউড অভিনেতা জর্জ ক্লুনি জো বাইডেনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সঙ্গে আরও কয়েকজন প্রভাবশালী ডেমোক্র্যাট রাজনীতিবিদও বাইডেনের উপর থেকে সমর্থন প্রত্যাহার করেছেন
ন্যান্সি পেলোসি দীর্ঘদিন ধরে জো বাইডেনের রাজনৈতিক সহযোগী। তিনি প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার। যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ন্যান্সি পেলোসি বলেছেন, নির্বাচনে থাকবেন কি না তা দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বাইডেনকে। পেলোসিকে প্রশ্ন করা হয়েছিল, তিনি জো বাইডেনকে প্রার্থী হিসেবে চেয়েছিলেন কি না। এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি পেলোসি। অর্থাৎ, জো বাইডেনকে সরাসরি সমর্থন দিতে নারাজ প্রভাবশালী এই ডেমোক্র্যাট রাজনীতিবিদ।
এদিকে, হলিউড তারকা জর্জ ক্লুনি নিউইয়র্ক টাইমসে একটি মতামত লিখে জো বাইডেনের উপর থেকে তার সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। অভিনেতা জর্জ ক্লুনি একজন ডেমোক্র্যাট রাজনীতিবিদ। তিনি গত মাসে বাইডেনের পক্ষে মার্কিন তারকাদের কাছ থেকে তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে সহ-উপস্থাপক ছিলেন। নিউইয়র্ক টাইমসে তার লেখায় বলেছেন, ২০২০ সালের বাইডেন আর ২০২৪ সালের বাইডেন এক ব্যক্তি নন।
জর্জ ক্লুনি বলেছেন, আমি ব্যক্তিগত জো বাইডেনকে ভালোবাসি। কিন্তু তাকে দিয়ে আমরা নভেম্বরের নির্বাচনে জয়ী হতে পারব না। আমরা হাউজ এবং সিনেটেও জিততে পারব না। এটা শুধু আমার মতামত নয়, আমি যত সিনেটর ও গভর্নরের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি, তারা সবাই এ কথা বলেছেন। এটা শুধু বয়সের কারণে, অন্য কোনো কারণে নয়।
সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট নেতা চক শুমারও ব্যক্তিগতভাবে দাতাদের কাছে ইঙ্গিত দিয়েছেন, তিনি বাইডেন ব্যতীত অন্য কোনো গণতান্ত্রিক প্রার্থীর ব্যাপারে উন্মুক্ত। সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এই খবর প্রকাশ করেছে।
অন্যদিকে, বুধবার ভারমন্টের ডেমোক্র্যাট সিনেটর পিটার ওয়েলচ সংবাদমাধ্যমে প্রকাশিত একটি মতামতে বলেছেন, দেশের ভালোর জন্য বাইডেনের প্রার্থিতা প্রত্যাহার করা উচিত। পিটার ওয়েলচ প্রথম কোনো ডেমোক্র্যাটিক সিনেটর যিনি স্পষ্টভাবে প্রেসিডেন্টকে নির্বাচনের দৌড় থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
ইলিনয় অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট গভর্নর জেবি প্রিটজকারও বুধবার বলেছেন, আমরা এখন যেখানে আছি তা আমি পছন্দ করি না। তার এই মন্তব্য প্রেসিডেন্ট নির্বাচনে তার দলের প্রার্থীর ব্যাপারে বলে মনে করা হচ্ছে।
গত ২৭ জুন মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিএনএন আয়োজিত বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হয়েছিলেন জো বাইডেন। এটি এবারের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথম প্রেসিডেন্টশিয়াল বিতর্ক। এর আগে, ২০২০ সালের নির্বাচনের আগেও তারা দুজন সামনাসামনি বিতর্ক করেছিলেন। তবে এবার জো বাইডেন বয়সজনিত কারণে ট্রাম্পের সঙ্গে পেরে উঠেননি। ট্রাম্প যেখানে তীক্ষ্ণ বাক্যবাণে তাকে ঘায়েলের চেষ্টা করেছেন, সেখানে বাইডেনের তরফ থেকে জোরালো পাল্টা আক্রমণ দেখা যায়নি। বরং বয়সভারে ন্যুব্জ বাইডেনের বিতর্কের অনেক মুহূর্তে এতই আস্তে এবং অস্পষ্ট কথা বলেছেন যে, তার শব্দগুলো বুঝা যায়নি।
বাজে বিতর্কের পারফরম্যান্সের কথা জো বাইডেন নিজেও স্বীকার করেছেন। তিনি এ জন্য দোষ দিয়েছেন বিতর্কের আগে তার দুই দুইটি বিদেশ ভ্রমণকে। দীর্ঘ বিমান ভ্রমণে ক্লান্তির কারণে বিতর্কের অনেক সময় তিনি ঘুমিয়ে গিয়েছিলেন বলেও স্বীকার করেছেন বাইডেন। তবে তিনি বুড়ো হয়ে গেলেও আবারও নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারাবেন বলে অঙ্গীকার করেছেন।
কিন্তু বাইডেনের বাজে বিতর্ক পারফরম্যান্সের পর তার দলের অনেকেই মনে করছেন, ৮১ বছর বয়সী বাইডেন আরও চার বছর প্রেসিডেন্টের ভার সামলাতে পারবেন না। আগামী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে ভরাডুবি হবে তার। বিতর্কের পর কয়েক দিন সিনিয়র ডেমোক্র্যাটরা প্রকাশ্যে বাইডেনের বিপক্ষে কিছু না বললেও এখন তারা মুখ খুলছেন।
এদিকে, সিএনএনসহ মার্কিন বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, ডেমোক্র্যাটরা জো বাইডেনের পরিবর্তে তার রানিংম্যাট মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বেশি যোগাযোগ রাখছেন। যদিও কমলা হ্যারিস প্রকাশ্যে জো বাইডেনকে এখনও সমর্থন দিয়ে যাচ্ছেন। তবে তিনি আগের চেয়ে বেশি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও খবর হয়েছে।
ডেমোক্র্যাট দলের প্রভাবশালী কংগ্রেসনাল ব্ল্যাক ককাস এবং কংগ্রেসের মূল উদারপন্থী সদস্যরা বাইডেনের প্রতি সমর্থন বজায় রাখায় তিনি শুরুর ধাক্কা সামলে নিয়েছিলেন। কিন্তু এখন আবারও তিনি চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এমন এক সময় বাইডেনের উপর থেকে প্রভাবশালী কয়েকজন ডেমোক্র্যাট সমর্থন প্রত্যাহার করেছেন যখন ওয়াশিংটন ডিসিতে ন্যাটো শীর্ষ সম্মেলন চলছে। বাইডেনের উপর থেকে ন্যান্সি পেলোসি, জর্জ ক্লুনির মতো ব্যক্তিদের সমর্থন প্রত্যাহারে অন্যান্য ডেমোক্র্যাট ও দাতারা ব্যাপকভাবে প্রভাবিত হবেন। ডেমোক্র্যাট রাজনৈতিক বলয়ে ন্যান্সি পেলোসির প্রভাব অত্যান্ত বেশি। অন্যদিকে, অনুদান সংগ্রহ এবং নির্বাচনি প্রচারে জর্জ ক্লুনির ভূমিকা বাইডেনের জন্য গুরুত্বপূর্ণ।
সারাবাংলা/আইই