আন্তর্জাতিক ডেস্ক
মালদ্বীপের পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি প্রতিমন্ত্রী ফাথিমাথ শামনাজ আলী সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে কালো জাদু করার অভিযোগে গ্রেফতার হয়েছেন বলে খবর প্রকাশ করেছে সেদেশের কিছু সংবাদ মাধ্যম।
বৃহস্পতিবার (২৭ জুন) মালদ্বীপ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি প্রতিমন্ত্রী ফাথিমাথ শামনাজ আলী সেলিমকে গত রোববার (২৩ জুন) রাজধানী মালে থেকে অন্য দুজনের সঙ্গে গ্রেফতার করা হয়েছিল। তাকে তদন্তের জন্য এক সপ্তাহের জন্য হেফাজতে রাখা হয়েছে।
তবে তাকে গ্রেফতারের অন্যান্য কোনো বিবরণ দেয়নি পুলিশ। তাকে কী কারণে গ্রেফতার করা হয়েছে তাও জানানো হয়নি। তবে দ্য সান নামে মালদ্বীপের একটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর ওপর কালো জাদু করার অভিযোগে শামনাজকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মালদ্বীপের পুলিশ অবশ্য এই প্রতিবেদনটি নিশ্চিত বা অস্বীকার করেনি। জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্তের তালিকায় প্রথম সারির একটি দেশ মালদ্বীপ। ফলে দেশটির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি প্রতিমন্ত্রী হিসেবে তার অবস্থান সরকারে গুরুত্বপূর্ণ।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালদ্বীপে দণ্ডবিধির অধীনে জাদুবিদ্যা কোনো ফৌজদারি অপরাধ নয়। তবে এটি ইসলামিক আইনের অধীনে ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।
সারাবাংলা/আইই