আন্তর্জাতিক ডেস্ক
আরাস নদীতে বাঁধ নির্মাণের মাধ্যমে অন্যান্য প্রতিবেশী দেশগুলোর জন্য সমস্যা তৈরি করছে তুরস্ক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির এমন মন্তব্য করেছেন। তিনি আঙ্কারাকে সতর্ক করে দিয়ে বলেছেন, বাঁধ নির্মাণ করে সমস্যা সৃষ্টি করলে তা মেনে নেবে না তেহরান।
মঙ্গলবার (১০ মে) ইরানের পার্লামেন্টে দেওয়া ভাষণে তুরস্কের সমালোচনা করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আরাস নদীতে বাঁধ নির্মাণ না করতে তুরস্ক সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রতিবেশীদের অধিকার রক্ষার অনুরোধ জানানো হয়েছে তাদের।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্কের সঙ্গে বাধ নির্মাণের বিষয়ে ইরানের কোনো দ্বিপক্ষীয় কোনো চুক্তি নেই। তবে তুরস্ক প্রথমবারের মতো পানি বণ্টন ইস্যুতে তেহরানের সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছে। খুব শিগগিরই তুরস্কের একটি প্রতিনিধিদল নদীর পানি বণ্টন ইস্যুতে আলোচনার জন্য ইরান সফর করবে।
উল্লেখ্য যে, ইরাকে প্রবাহিত পানির একটি বড় অংশের উপর ইরান ও তুরস্কের নিয়ন্ত্রণ রয়েছে। উভয় দেশই গত কয়েক বছর ধরে ইরাকের প্রধান পানির এই উৎসে বেশ কয়েকটি বাঁধ নির্মাণ করেছে। বিশেষ করে তুরস্ক গত এক যুগ ধরে আরাস নদীতে একের পর এক বাঁধ নির্মাণ করছে। এবার তুরস্ক জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ইরানের সীমান্তবর্তী আরাস নদীতে বাঁধ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। তেহরানের দাবি, এ বাঁধ নির্মিত হলে ইরানে পানির প্রবাহ বাধাগ্রস্ত হবে। ফলে ইরান ওই বাঁধের বিরোধিতা করছে।
সারাবাংলা/আইই