আন্তর্জাতিক ডেস্ক
ভারতে একটি সশস্ত্র গোষ্ঠীর হামলায় দেশটির সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ পাঁচ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ মণিপুরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর আলজাজিরা।
প্রদেশটির রাজধানী ইম্ফলের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শনিবার (১৩ নভেম্বর) ভারতের আধাসামরিক সেনাদের একটি কনভয়ে অতর্কিত হামলা চালায় সন্দেহভাজন বিদ্রোহীরা। ওই কনভয়টি প্রদেশটির চুরাচাঁদপুর জেলার একটি প্রত্যন্ত গ্রাম পরিদর্শন করতে যাচ্ছিল।
নিহতদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর আধাসামরিক বাহিনী আসাম রাইফেলসের একজন কর্নেল, তার স্ত্রী এবং তার ছেলে রয়েছে। এ হামলায় আরও চারজন সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় বিদ্রোহীরা আটোমেটিক অস্ত্র দিয়ে গুলি চালিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
এই হামলার পর ওই এলাকায় ভারতের নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়ান করা হয়েছে এবং হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, মণিপুর ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী পিপলস লিবারেশন আর্মি এই হামলা চালাতে পারে। এই গোষ্ঠীটি ওই রাজ্যে ভারতীয় শাসনের বিরুদ্ধে লড়াই করছে। তারাই অতর্কিত হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো বিদ্রোহী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
এই হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। এক টুইটে তিনি বলেন, নিহতদের এই ‘ত্যাগ’‘কখনো ভুলার নয়।’ একইসঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।
এছাড়াও দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন।
সারাবাংলা/এনএস