কক্সবাজার প্রতিনিধি:
সাম্প্রতিক ভারী বর্ষণের ফলে কক্সবাজার সদর উপজেলায় সৃষ্টি হওয়া জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসন একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘব ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত হয়েছে বিভিন্ন কার্যক্রম।
১। পাতলী খাল পরিষ্কার ও পানি চলাচল নিশ্চিতকরণ:
বাংলাবাজার সংলগ্ন পাতলী খালের দুই পাশে অবৈধভাবে বদ্ধ অংশ এক্সেভেটরের মাধ্যমে অপসারণ করা হয়েছে। খালের বর্জ্য সরিয়ে পানি চলাচল স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে, যা জলাবদ্ধতা কমাতে সহায়ক হচ্ছে।
২। খুরুলিয়ার হিন্দুপাড়ায় জরিমানা ও ত্রাণ সহায়তা:
খুরুলিয়া ৮ নং ওয়ার্ডের হিন্দুপাড়ায় সরকারি জায়গা দখল করে ড্রেনের মুখ বন্ধ করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী দায়ী ব্যক্তির বিরুদ্ধে ১২,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ড্রেনের পানি চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে শুকনো খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।
৩। বিভিন্ন এলাকা পরিদর্শন ও জনসচেতনতামূলক কার্যক্রম:
উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সদর উপজেলার জলাবদ্ধ এলাকাসমূহ পরিদর্শন করা হয়। এ সময় ড্রেন ও নালায় অবৈধভাবে স্থাপিত বাধা অপসারণ করা হয়েছে। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে জনগণকে সচেতন করা হয় যাতে কেউ অবৈধ দখলে অংশ না নেয়।
৪। ঈদ উপলক্ষে গরুর হাটে ব্যবস্থা:
আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে খুরুলিয়া গরুর বাজারে কোরবানির পশুদের দুর্ভোগ লাঘবে ত্রিপলের শেড স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে ইজারাদারকে, যাতে বর্ষণের মধ্যেও হাট ব্যবস্থাপনা ঠিক থাকে।
৫। পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান:
চলমান বর্ষণের মধ্যেও পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি জেলগেট সংলগ্ন পালস স্কুলের পার্শ্ববর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাউকে আটক না করা গেলেও পরিবেশ অধিদপ্তরকে নিয়মিত মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জনসচেতনতামূলক আহ্বান:
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল নাগরিকের উচিত সরকারি খাল, নালা, ড্রেন এবং রাস্তার পাশের জায়গা দখল না করে পানি চলাচলে সহযোগিতা করা। এতে নিজেরা যেমন নিরাপদ থাকবেন, তেমনি প্রতিবেশিরাও জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় –
“আপনাদের পাশে আছি, জলাবদ্ধতা নিরসনে সবাইকে নিয়ে কাজ করছি।”