আন্তর্জাতিক ডেস্ক
ভারতের মধ্যপ্রদেশের সিধি জেলার সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানের পাশের আদিবাসী গ্রাম বাদি ঝিরি সংলগ্ন জঙ্গল থেকে বেরিয়ে বাড়ির উঠান থেকে আট বছরের এক শিশুকে ধরে নিয়ে চিতাবাঘ। এ দৃশ্য দেখে বাঘের সঙ্গে দৌড় শুরু করেন মা কিরণ। এক কিলোমিটার দৌড়ে সন্তানকে প্রাণে বাঁচিয়েছেন ওই নারী।
জানা যায়, কিরণ তার বাড়ির বাইরে রান্না করছিলেন। তার তিন সন্তান পাশেই খেলছিল। কখন যে একটি চিতাবাঘ এসে তার সন্তানদের দিকে নজর দিয়েছে, তা টেরও পাননি কিরণ। চিতাবাঘটি নিশানা করেছিল তার আট বছরের ছেলে রাহুলকে।
কিরণ বলেন, আচমকাই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে রাহুলকে মুখে কামড়ে ধরে জঙ্গলে পালিয়ে যায় চিতাবাঘটি। তা দেখে বাঘের পেছনে ছুটতে থাকেন মা। প্রায় এক কিলোমিটার ধাওয়া করে, বাঘের সঙ্গে রীতিমতো লড়াই শেষে ছেলেকে ছিনিয়ে আনেন তিনি।
তিনি আরও বলেন, জঙ্গলে বাঘটিকে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করেন কিরণ। বাঘের কাছে গিয়ে ছেলেকে ছিনিয়ে আনার চেষ্টা করতেই কিরণের ওপর হামলা চালায় বাঘটি। কিন্তু পাল্টা লাঠি দিয়ে আঘাত করতেই কিরণ এবং তার ছেলেকে ছেড়ে দিয়ে অন্ধকারে চলে যায় চিতাবাঘটি।
আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করে নিয়ে আসেন কিরণ। মায়ের এমন দুঃসাহসিক কাজ নিয়ে প্রশংসা করেছেন অনেকে।
সারাবাংলা/একেএম