আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ইউক্রেনে হামলা চালানোর মতো পদক্ষেপ ক্রেমলিন আর যাতে না নিতে পারে, সে জন্য মস্কোকে দুর্বল দেখতে চায় ওয়াশিংটন।
ইউক্রেনে সফররত এই মার্কিন সামরিক নেতা বলেন, কিয়েভকে যথাযথ সহযোগিতা ও উদ্দীপনা দিলে এখনও এ যুদ্ধে ইউক্রেন জয়ী হতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কিয়েভে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। কিয়েভে প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের লয়েড অস্টিন বলেন, আমরা রাশিয়াকে ব্যাপক মাত্রায় দুর্বল দেখতে চাই, যাতে দেশটি ভবিষ্যতে ইউক্রেনে কোনো হামলা চালাতে না পারে।
ইউক্রেনে রুশ হামলার শুরু হওয়ার পর এই প্রথম কোনো মার্কিন প্রতিনিধি দল কিয়েভ সফর করল। যদিও এর মধ্যেই ইউরোপের অনেক নেতা ইউক্রেন সফর করেছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কিন্তু, ইউক্রেনে সবচেয়ে বেশি অস্ত্র ও আর্থিক সহযোগিতা পাঠানো যুক্তরাষ্ট্র এত দিন কিয়েভে কোনো শীর্ষ কর্মকর্তাকে পাঠায়নি।
সারাবাংলা/আইই