রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ববাসীর দৃষ্টি ফেরাতে কক্সবাজারে শুরু হচ্ছে তিনদিনের সম্মেলন। আগামী রোববার শুরু হওয়া এই সম্মেলনে জাতিসংঘসহ বিভিন্ন বিদেশি সংস্থার প্রতিনিধিরা অংশ গ্রহণ করবেন। এতে জাতিগত নিধনের শিকার মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের কথা তুলে ধরবেন।
সম্মেলনের দ্বিতীয় দিয়ে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সমাপনী দিনেও রোহিঙ্গাদের নিয়ে বিভিন্ন সেশনে অংশ নেবেন তিনি।
ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে গতকাল সংবাদ সম্মেলনে কক্সবাজারের সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, “রোহিঙ্গা সংকটটা যেন আন্তর্জাতিকভাবে একটা প্রধান আলোচনার বিষয় হয়, সেজন্য তিন-তিনটা বড় আন্তর্জাতিক সম্মেলন করার পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে ২৪ অগাস্ট রোববার কক্সবাজারে শুরু হবে তিনদিনব্যাপী সম্মেলন।”
শফিকুল আলম বলেন, “সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন, মানবিক সহায়তা বৃদ্ধি, রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিচার ও রোহিঙ্গা সমস্যার সমাধানের উপায় বের করা। সম্মেলনের প্রধান বিষয় হচ্ছে রোহিঙ্গারা যে গণহত্যার মুখোমুখি হয়েছে, সেটা আন্তর্জাতিক মহলে গিয়ে তাদের বলতে পারাটা বেশ কষ্টকর। সেজন্য কক্সবাজারে ৪০টির মত দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হচ্ছে। তাদের সামনে রোহিঙ্গারা তাদের কষ্টের কথা তুলে ধরবেন।
প্রেস সচিব বলেন, “আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে সবচেয়ে বড় সম্মেলনটি হবে। সেখানে ১৭০টা দেশ অংশ নেবে বলে আশা করছি। এরপর কাতারের রাজধানী দোহায় ডিসেম্বরে আরেকটা সম্মেলনের আশা করছি।”