বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় চেয়ারম্যান আব্দুল খালেকের সমর্থকরা আওয়ামীলীগ অফিসে বোমা বর্ষণ, হামলা, গুলি ও ভাংচুর করেছে। হামলায় এক যুবলীগ কর্মীসহ তিনজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
আহতরা হলো নবনির্বাচিত ইউপি সদস্য কামরুল হাসান (৩৮), কামরুল হোসেন (৩৬) ও টুটুল বিশ্বাস (৩৪)। আহতদের মধ্যে টুটুল বিশ্বাসের চোখে গুরুতর আঘাত লাগে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, গত ২৮ নভেম্বরের ইউপি নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেক নির্বাচিত হন। রবিবার (৯ জানুয়ারি) শপথ নেওয়ার পর রাত ৮ টার দিকে বাগঁআচড়া ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে বোমা হামলা করে দুর্বৃত্তরা। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয় ভাংচুরসহ বাগআঁচড়া বাজারে একাধিক জায়গায় হাত বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এ সময় আওয়ামীলীগ অফিসে পরাজিত চেয়ারম্যান ও বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইলিয়াস কবীর বকুল অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে বাড়িতে পৌছে দেয়। ভয়ে আতংকে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যায়।
খবর পেয়ে সহকারি পুলিশ সুপার (নাভারন সাকেল) জুয়েল ইমরান ও শার্শা থানার ওসি বদরুল আলমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাগআঁচড়া বাজারের একটি ক্লিনিক ও যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় চেয়ারম্যান (স্বতন্ত্র প্রার্থী) আবদুল খালেক ও নৌকার পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইলিয়াস কবীর বকুল পরস্পর উভয়কে দায়ী করেছেন।
এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, বাগআঁচড়া বাজারে আওয়ামীলীগ কার্যালয়ে হামলা করেছে দুর্বৃত্তরা ঘটনা শোনার সাথে সাথে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। বোমা হামলার আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে সম্পৃক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।