মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

শেয়ারবাজার নিয়ে হোয়াটসঅ্যাপ প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১২৮ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস বলেছেন, ডিএসইর নাম, লোগো ও অফিস ঠিকানা ব্যবহার করে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে বিনিয়োগকারীদের প্রতারণা করা চক্র ইতোমধ্যে গোয়েন্দা সংস্থার নজরে এসেছে। খুব শিগগিরই তারা আইনের আওতায় আসবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) অডিটোরিয়ামে আয়োজিত “প্রতারক চক্রের আর্থিক প্রতারণা রোধে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সচেতনতা” শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া, এফসিএস এবং উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান।

আসাদুর রহমান বলেন, “হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় প্রতারক চক্রকে গোয়েন্দা সংস্থার নজরদারিতে আনার ব্যবস্থা করা হয়েছে। তবে বিনিয়োগকারীদেরও সচেতন থাকতে হবে, কারণ অসতর্ক হলেই এ ধরনের প্রতারণার শিকার হতে হয়।”

তিনি আরও বলেন, “ডিএসই, সিএসই বা নিয়ন্ত্রক সংস্থা সরাসরি কোনো বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে না। বিনিয়োগের একমাত্র বৈধ পথ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অনুমোদিত স্টক ব্রোকার। এর বাইরে অন্য কোনো মাধ্যমে বিনিয়োগ করলে তা অবৈধ প্রতারণার ঝুঁকি তৈরি করে।”

ডিএসইর ভারপ্রাপ্ত এমডি জানান, প্রতারকরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে লোভনীয় বার্তা পাঠায়। প্রথমে সামান্য মুনাফা দেখিয়ে আস্থা অর্জন করে, পরে আরও কিছু মুনাফা দেখিয়ে বড় অঙ্কের বিনিয়োগে প্রলুব্ধ করে। একসময় জানানো হয়—অ্যাপে সমস্যা হয়েছে, আরও অর্থ দিতে হবে। অতিরিক্ত অর্থ নেয়ার পর ভুক্তভোগীকে ব্লক করে দেয় প্রতারক চক্র।

ডিএসইর পক্ষ থেকে জানানো হয়, প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগকারীদের অবশ্যই সচেতন হতে হবে। কেবল অনুমোদিত স্টক ব্রোকারের মাধ্যমেই লেনদেন করতে হবে। ডিএসই ও সিএসই ওয়েবসাইটে অনুমোদিত ব্রোকারদের তালিকা রয়েছে।

ডিএসই কর্মকর্তাদের মতে, এসব প্রতারণা শুধু ব্যক্তিগত ক্ষতির কারণ নয়, বরং পুঁজিবাজারের প্রতি সাধারণ মানুষের আস্থাকেও নষ্ট করে। তাই গোয়েন্দা সংস্থা ও আইনপ্রয়োগকারী বাহিনীর পাশাপাশি বিনিয়োগকারীদের সচেতনতা সবচেয়ে বড় প্রতিরক্ষা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর