নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) তার সম্পদ পুনর্মূল্যায়ন করেছে।
আজ সোমবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির ১৯০ তম বৈঠকে পুনর্মূল্যায়ন রিপোর্ট অনুমোদন করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ নিরীক্ষিত প্রতিবেদন অনুসারে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের মোট সম্পদের মূল্য ৬৪৮ কোটি ৪৪ লাখ ৭ হাজার ৭৩৯ টাকা। পুনর্মূল্যায়নে এই সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৭২১ কোটি ৩ লাখ ৫৪ হাজার ২৬১ টাকা। তাতে কোম্পানিটির পুনর্মূল্যায়ন পরবর্তী উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৭২ কোটি ৫৯ লাখ ৪৬ হাজার ৫২২ টাকা।
পুনর্মূল্যায়নে বিএসসিসিএলের সম্পদের মূল্য বেড়েছে ১১.১৯ শতাংশ।
কোম্পানিটির জমির মূল্য ৪৬ কোটি ৯১ লাখ ৭৪ হাজার ৩৮ টাকা। পুনর্মূল্যায়নে সম্পদের মূল্য ৬৩ কোটি ১৪ লাখ ২৫ হাজার ৯৬২ টাকা বেড়ে ১১০ কোটি ৬ লাখ টাকা হয়েছে।
অন্যদিকে বিভিন্ন স্থাপনাসহ বিল্ডিং এর মূল্য ৩৩ কোটি ৫২ লাখ ১৮ হাজার ৮৬৫ টাকা থেকে বেড়ে ৪০ কোটি ৭৯ লাখ ১৮ হাজার ৯৯ টাকা হয়েছে। পুনর্মূল্যায়নজনিত উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৭ কোটি ২৬ লাখ ৯৯ হাজার ২৩৪ টাকা।






