আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবে প্যাট্রিয়ট মিসাইল প্রতিরোধী ব্যবস্থা পাঠিয়েছে আমেরিকা। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে মার্কিন এ মিসাইল ডিফেন্স সিস্টেম সৌদি আরবে মোতায়েন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লাগাতার মিসাইল হামলা প্রতিরোধে যুক্তরাষ্ট্রের কাছে গত বছর প্যাট্রিয়ট মিসাইল চেয়েছিল সৌদি আরবের। সম্প্রতি বেশ কয়েকটি প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম সৌদি আরবে পাঠানো হয়েছে।
তবে সৌদি আরবে কতটি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর পাঠানো হয়েছে তার কোনো সংখ্যা দেননি মার্কিন কর্মকর্তা। বার্তাসংস্থা এপিকে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে বন্ধুদের সহযোগিতা করা বাইডেন প্রশাসনের অঙ্গীকার।
বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর ইয়েমেনে যুদ্ধ বন্ধের তাগিদ দেন সৌদিকে। এছাড়া সৌদি সাংবাদিক জামাল খাশোগি খুনের ব্যাপারেও সৌদি রাজপরিবারের সমালোচনা করে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সৌদি রাজপরিবারের সম্পর্কের টানপোড়েনের মধ্যে প্যাট্রিয়ট মিসাইল প্রদানের খবর এলো।
সারাবাংলা/আইই