ঢাকা: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশসংবলিত শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিজ্ঞপ্তিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মো. মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে শিক্ষা সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
রিটের সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়, ‘নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬’ চূড়ান্ত না হওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখতে হবে।
শিক্ষা বোর্ডের ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
সেই রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার হাইকোর্ট বিজ্ঞপ্তিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন।