কূটনৈতিক প্রতিবেদক: [২] ভারত-পাকিস্তান, জাপান, অস্ট্রেলিয়া, কাতার, দক্ষিণ কোরিয়া, ইতালি, জার্মানি ও নেপালে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে দেশগুলোতে বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশন।
[৩] দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
[৪] এ উপলক্ষে মিশনে কালো ব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, এক মিনিট নীরবতা পালন, বাণীপাঠ, আলোচনা, ভিডিওচিত্র প্রদর্শন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
[৫] রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা তাদের বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শুধু একজন মহান রাষ্ট্রনায়ক বা নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন সফল কূটনীতিক। যুদ্ধবিধ্বস্ত দেশগঠনের কঠিন কাজে বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছর সময়ের মধ্যে তাঁর কূটনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের কাজ অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিলেন।
[৬] প্রবাসীদের উদ্দেশ করে বলেন, বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে হলে সবাইকে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধিতে কাজ করে যেতে হবে, প্রবাসের আইনকানুন মেনে চলতে হবে। সবাই নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্ব পালন করে সোনার বাংলা নির্মাণে সহযোগিতা করলে বঙ্গবন্ধুর স্বপ্ন সফল হবে।