নিজস্ব প্রতিবেদক : বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে লেনদেন বেড়ে ২১০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
গত সপ্তাহের পাঁচ কার্যদিবস এবং তার আগের সপ্তাহের শেষ কার্যদিবস মূল্য সূচক বাড়ে। টানা উত্থানের প্রভাবে ডিএসইর প্রধান মূল্যসূচক সাড়ে ৬ হাজার পয়েন্ট ছাড়ানোর পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ও পরের কার্যদিবস সোমবারও পতনের মধ্যেই থাকে শেয়ারবাজার।
তবে মঙ্গলবার আবার ঊর্ধ্বমুখী ধারায় ফিরে শেয়ারবাজার। আর বুধবার সূচকের বড় উত্থান হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক আবার সাড়ে ছয় হাজার পয়েন্টের ওপরে উঠেছে।
এদিন লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়ে ডিএসইর প্রধান মূল্যসূচক ৪০ পয়েন্টে চলে যায়।
এমনকি লেনদেনের এক পর্যায়ে ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় ৯৫ পয়েন্ট বেড়ে যায়। তবে লেনদেনের শেষ দিকে এসে বিনিয়োগকারীদের একটি অংশ বিক্রির চাপ বাড়ায়। অবশ্য এর মধ্যেও বড় মূলধনের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ে। ফলে সূচকের বড় উত্থান দিয়েই দিনের লেনদেন শেষ হয়।
বড় মূলধনের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ায় দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসই আগের দিনের তুলনায় ৭৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৪৭ পয়েন্টে উঠে এসেছে। বাকি দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৪৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৫৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে সব খাত মিলে ১৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ে। বিপরীতে দাম কমেছে ১৫৫টির। আর ৯২টির দাম অপরিবর্তিত রয়েছে।
বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতন হলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ২ হাজার ১৯৪ কোটি ৪৯ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৩১৫ কোটি ৪ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৮৭৯ কোটি ৪৫ লাখ টাকা।
ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার শেয়ার। কোম্পানিটির ২৩০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ১৫১ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ১০৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- নাহি অ্যালুমিনিয়াম, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং, বেক্সিমকো ফার্মা, ইস্টার্ন হাউজিং, একমি ল্যাবরেটরিজ, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং মালেক স্পিনিং।