মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

৩শ আসনে নির্বাচিত নারী মাত্র ৭ জন, সামাজিক প্রতিরোধ কমিটির গভীর উদ্বেগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৫ সময় দেখুন
৩শ আসনে নির্বাচিত নারী মাত্র ৭ জন, সামাজিক প্রতিরোধ কমিটির গভীর উদ্বেগ


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে মাত্র সাত নারী সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘সামাজিক প্রতিরোধ কমিটি’। ৭১টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের এই প্ল্যাটফর্মটি মনে করে, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাবে নির্বাচনে নারীর কাঙ্ক্ষিত অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে না।

মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ মহিলা পরিষদের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে কমিটির এক সভায় এসব কথা বলা হয়। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে সভায় সামাজিক প্রতিরোধ কমিটির বিভিন্ন সদস্য সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে নির্বাচন-পরবর্তী সময়ে দেশে একটি সুস্থ, স্বাভাবিক এবং স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতি ৩৩ শতাংশ নারীকে মনোনয়ন দেওয়ার বিষয়ে নারী সমাজের দীর্ঘদিনের দাবি থাকলেও এবারের নির্বাচনে তার প্রতিফলন দেখা যায়নি। রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে নারী প্রার্থীর হার ছিল মাত্র ৪.২৪ শতাংশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে মাত্র সাত নারী সংসদ সদস্য সরাসরি নির্বাচিত হওয়ায় সভায় গভীর উদ্বেগ জানানো হয়।

সামাজিক প্রতিরোধ কমিটির প্রতিনিধিরা রাজনৈতিক দলগুলোকে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের বিষয়ে আরও সক্রিয় ও আন্তরিক হওয়ার এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান। তবে প্রতিকূল পরিবেশ ও নানা বাধা মোকাবিলা করে যে সাত নারী সংসদ সদস্য জয়ী হয়েছেন, কমিটির পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন জানানো হয়।

সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষে প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর