Last Updated:
দক্ষিণবঙ্গ: নিরাপত্তা বাড়ল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। এ বার থেকে তিনি ওয়াই প্লাস পর্যায়ের নিরাপত্তা পাবেন বলে রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে। আজ শনিবার বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির ‘গুরুত্বপূর্ণ’ বৈঠকের আগে ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছেন জেলা তৃণমূলের নেতারা। যদিও নিরাপত্তা বৃদ্ধির প্রসঙ্গে কোনও মন্তব্য করতে রাজি নন কাজল শেখ৷ যদিও ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, প্রশাসন ও দল নিশ্চয়ই ভাল মনে করেছে, তাই এই সিদ্ধান্ত তারা নিয়েছে।
আরও পড়ুন- ভুলেও ছোঁবেন না ফুলকপি, যদি থাকে ‘এই’ রোগ! আপনিও কি সেই দলে? বিপদ ডাকছেন না তো?
প্রসঙ্গত একই নিরাপত্তা পেয়ে এসেছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল। ২০২২ সালের ১১ অগাস্ট অনুব্রত গ্রেফতার হন। তার পর থেকে বীরভূমের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন কাজল শেখ। শুধু কোর কমিটিতে জায়গা পাওয়াই নয়, ২০২৩ সালে পঞ্চায়েত ভোটে জয়ের পর তৃণমূল কংগ্রেস তাঁকে জেলা পরিষদের সভাধিপতি করেন। লোকসভা নির্বাচনে বীরভূম ও বোলপুর লোকসভা আসন জয়ের ক্ষেত্রে কাজলের বড় ভূমিকা রয়েছে বলেই মনে করে দলের একাংশ। এক সময়ে নানুরের মধ্যে নিজের কর্মকাণ্ড সীমিত রাখা কাজল এখন জেলার রাজনীতিতে শাখা-প্রশাখা বিস্তার করেছেন।
অভিষেক সম্প্রতি বলেছেন, ব্যক্তিগত ভাবে তিনি মনে করেন, বীরভূমের দায়িত্ব কোর কমিটির হাতেই থাকা উচিত। কারণ, কোর কমিটি ভোটে ভাল ফল করে দেখিয়েছে। এই আবহেই শনিবারের বৈঠক এবং তার অব্যবহিত আগে কাজলের নিরাপত্তা বৃদ্ধি। যা থেকে বৈঠকের আগে আরও জল্পনা তৈরি হচ্ছে। কোর কমিটিতে কাজল ছাড়াও রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অভিজিৎ সিংহ, বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং যুবনেতা সুদীপ্ত ঘোষ। এই আবহে শনিবার কোর কমিটির বৈঠকের আগে কাজল শেখের নিরাপত্তা বাড়ানো নিয়ে আরও জল্পনার জন্ম দিল। যদিও এই নিয়ে প্রকাশ্যে কেউ কিছুই বলেননি। বীরভূমে শাসক দলের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণে কাজল ও অনুব্রত বিরুদ্ধ বলে পরিচিত। এই অবস্থায় কাজলের নিরাপত্তা বৃদ্ধি, রাজনীতিতে বড়সড় ইঙ্গিত বলে মনে করছে রাজনৈতিক মহল।
Kolkata,West Bengal
November 16, 2024, 9:27 AM IST