মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি
পঞ্চম ধাপের আনোয়ারা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন।
বুধবার ৫ জানুয়ারি উপজেলার ১০ ইউনিয়নে ভোট নেওয়ার কথা রয়েছে। ভোটের প্রস্তুতি হিসেবে শনিবার দুপুর থেকেই কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠাচ্ছে কমিশন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রামের আনোয়ারার ১০ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে চারটি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। বাকি ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ১৮ জন, সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৯১ ও সাধারণ ওয়ার্ডে ৩৮১ জন প্রার্থী মাঠে রয়েছেন। ১০টি ইউনিয়নের ৯০টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সাত ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন। এছাড়া চন্দনাইশ উপজেলার ৭ ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে। এতে ২৫ জন চেয়ারম্যান, ৫৬ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ২২৮ জন সাধারণ সদস্য প্রার্থীসহ ৩০৯ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। জোয়ারা ইউনিয়নের আমিন আহমদ চৌধুরী রোকন নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।