নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১) শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫২ পয়সা। আগের অর্থবছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ০.৪৪ টাকা।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছিল ০.০৯ টাকা।
ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪২৭ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১২৭ কোটি টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪২ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৭০১টি। এর মধ্যে ৭২ দশমিক ১০ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ২৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১১ দশমিক ৬৫ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
কর্পোরেট সংবাদ/টিডি






