#মুম্বই: গত ৪ জুন, শুক্রবার বিয়ের ছবি পোস্ট করে বলিউড ও ফ্যানেদের চমকে দিয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম (Yami Gautam)। ‘উরি’ পরিচালক আদিত্য ধরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী। তার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ইয়ামি বিয়ের অনুষ্ঠানের নানা ছবি শেয়ার করে চলেছেন। রবিবার সকাল থেকেই মেহেন্দি, গায়ে হলুদ ও বিয়ের একাধিক ছবি পোস্ট করেছেন তিনি।
রবিবার সকালেই গায়ে হলুদের বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ইয়ামি। সেখানে ফ্যান থেকে ইয়ামির বলিউডের সহকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই ছবি থেকে একটি ছবি কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘ঐতিহ্য ও সময়ের থেকে পুরনো কোনও কিছুই এমন সুন্দর হতে পারে না যতটা সুন্দর এক পাহাড়ি মেয়ের কনে হওয়া।’ হ্যাশট্যাগে কঙ্গনা লিখেছেন হিমাচল প্রদেশ।
শুধু এখানেই থেমে থাকেননি কঙ্গনা। ইয়ামির বিয়ের ছবিতে তাঁর দুই সহকর্মী অভিনেতা আয়ুষ্মান খুরানা ও বিক্রান্ত মাসীকে ‘সবক’ শিখিয়েছেন অভিনেত্রী। কারণ? ইয়ামির ছবিতে আয়ুষ্মান ও বিক্রান্তের কমেন্ট কঙ্গনার পছন্দ হয়নি। ইয়ামির একটি ছবিতে বিক্রান্ত মজা করে লিখেছেন, ‘রাধে মা-র মতো পবিত্র’। সেই কমেন্ট পড়েই বিরক্ত কঙ্গনা বিক্রান্তকে পাল্টা লিখেছেন, ‘কোথা থেকে বের হল এই আরশোলা… আমার চটি নিয়ে এসো।’
বিক্রান্ত ও কঙ্গনার কমেন্ট।
শুক্রবার একেবারে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমেই বিয়ে সেরেছেন ইয়ামি ও আদিত্য। নিজের বিয়ের একটি ছবি ইয়ািম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেদিন। আদিত্য বলিউডে শেষ পরিচালনা করেছেন ভিকি কৌশলের উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক ছবিটি। সেখানে ইয়ামিকেও দেখা গিয়েছিল গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবির ক্যাপশনে ইয়ামি লিখেছেন, ‘আমাদের পরিবারের আশীর্বাদে আমরা আজ ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে সম্পন্ন করেছি। এই বন্ধুত্ব ও ভালোবাসার যাত্রাপথে আপনাদের সকলের আশীর্বাদ ও শুভাকামনা চাই। ভালোবাসা, ইয়ামি ও আদিত্য।’