কর্পোরেট সংবাদ ডেস্ক : পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মোক্তার হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করছেন এক নারী পুলিশ পরিদর্শক। বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ মামলাটি হয়েছে।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর(পিপি) আফরোজা ফারহানা মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার পর অভিযোগকারীর জবানবন্দি নেয়া হয়। ঢাকার সপ্তম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোছা. কামরুন্নাহার বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন। তবে মামলা গ্রহণ বিষয়ে এখনো কোনো আদেশ দেননি।
মামলার অভিযোগে বলা হয়েছে, বাদী ও অভিযুক্ত দু’জনই সুদানে জাতিসংঘ শান্তি মিশনের কর্মরত ছিলেন। পেটের সমস্যার কথা বলে ওই পুলিশ সুপার নারী ইন্সপেক্টরকে দুপুরে রান্না করে খাওয়ানোর কথা বলেন। সেখানে যাওয়ার পর তাকে ধর্ষণ করা হয়। ২০১৯ সালের ২০ ডিসেম্বর এসপি মোক্তার হোসেন তাকে ধর্ষণ করেন। পরে বিয়ের আশ্বাস দিয়ে সুদান ও বাংলাদেশে তাকে আরও কয়েকবার ধর্ষণ করেন মোক্তার।
অভিযুক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন শান্তি মিশনে পুলিশের কন্টিনজেন্টের কমান্ডার ছিলেন। সেখানে অবস্থানের সময় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি বাগেরহাটে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত।
মামলার আগে ওই নারী পুলিশ ইন্সপেক্টর পুলিশ বিভাগেও ধর্ষণের বিষয়ে লিখিত অভিযোগ করেছিলেন।
মামলায় আরও বলা হয়েছে, গত ১২ এপ্রিল বাদী বিয়ে রেজিস্ট্রেশন ও নিকাহনামা করার কথা বলার জন্য রাজারবাগে আসামির বাসায় গেলে তাকে পরিবারের সদস্যদের নিয়ে মারধর করে তাড়িয়ে দেয়া হয়।
এ ছাড়া করোনা মহামারির কারণে আদালত বন্ধ থাকায় মামলার আবেদনে দেরি হয়েছে বলেও উল্লেখ করেছেন ভুক্তভোগী।






