মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার খোয়াজনগরে আজিম-হাকিম স্কুল এন্ড কলেজে শিক্ষার মানোন্নয়নে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হলো ‘আয়ুব বিবি ট্রাস্টের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা’।
উপজেলা শিক্ষাব্যবস্থার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে এই পরীক্ষায় ১৯টি স্কুলের তৃতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ৫৩০ জন শিক্ষার্থী ফরম সংগ্রহ করেন। তন্মধ্যে ৪৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। শ্রেণি পাঠ্যপুস্তকের উপর মোট ১০০ নম্বরের পরীক্ষা নেয়া হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই বেসরকারি বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, কর্ণফুলী উপজেলা শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, তাদের মধ্যে একটি প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করা। এবং কর্ণফুলীতে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমাদের এ আয়োজন। আগামীতে এই বৃত্তি পরীক্ষা কর্ণফুলী ছাড়িয়ে চট্টগ্রাম ভিত্তিক করার পরিকল্পনাও ব্যক্ত করেন তারা।
এতে প্রধান অতিথি ছিলেন আয়ুব বিবি ট্রাস্টের বৃত্তি পরীক্ষার আহ্বায়ক লায়ন মোহাম্মদ হাকিম আলী।
খোয়াজনগর আজিম-হাকিম স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ বলেন, পরীক্ষা পদ্ধতি এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে খুবই ভালো লাগছে। বার্ষিক পরীক্ষার পর বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে এধরণের বৃত্তি পরীক্ষার আয়োজন শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার একমাত্র মাধ্যমে হচ্ছে মেধা চর্চা। এছাড়াও শিক্ষার মানোন্নয়নের এই মেধা যাচাই পরীক্ষা অব্যাহত রাখার জন্য তিনি উৎসাহিত করেন।
এসময় পরীক্ষা পরিচালনার প্রধান দায়িত্বে ছিলেন, আজিম-হাকিম স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ মনজুর আলম।
এতে আরোও উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য এম এ সালাম, বিশিষ্ট সমাজসেবক মির্জা মোহাম্মদ বাহার, মির্জা মোহাম্মদ ইসমাইল, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঈন উদ্দিন, সাবেক মেম্বার মোহাম্মদ মুছা ও প্রমূখ।