মো. সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:
কর্ণফুলীতে কাঁকড়া চাষে সফলতার ধার উন্মোচন করতে যাচ্ছে চরলক্ষ্যা ইউনিয়নের চাষি শফি। তিনি বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষের স্বপ্ন দেখছেন। কর্ণফুলী নিম্ন অঞ্চল হওয়াতে সহসা জোয়ার- ভাটার পানি গ্রামের পুকুর ও বিলে প্রবেশ করে। জোয়ারের পানিতে ভেসে আসে নানান প্রজাতির কাঁকড়া। এসব কাঁকড়া পুকুরে এনে চাষ করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষায় কাঁকড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে কাঁকড়া জৈব-আবর্জনা খেয়ে জীবন ধারণ করে। এছাড়াও সমুদ্রের মাটি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, নদী ও সমুদ্র থেকে জোয়ার-ভাটার পানির সাথে কাঁকড়া খালে আসে। মাঝিরা যখন খালে মাছ ধরার জন্য জাল বসায় ঐ জালে মাছের সাথে কাঁকড়াও ধরা পড়ে। দেশে লোনা পানি ও মিঠাপানি এই দুই ধরনের কাঁকড়া পাওয়া যায়। মিঠাপানির কাঁকড়া তুলনামূলক কম। লোনাপানিতে লবণাক্ততার পরিমাণ যত বেশি থাকে, কাঁকড়ার উৎপাদনও তত বেশি হয়।
কাঁকড়া চাষি শফি বলেন, কাঁকড়া চাষ আমার একটি স্বপ্ন ছিলো। কর্ণফুলী উপজেলায় প্রথমে আমি নিজেই কাঁকড়া চাষ শুরু করি। কাঁকড়া চাষে ঝুঁকি কম লাভ বেশি। আমি মাছ ধরার জন্য খালে জাল বসায়। ঐ জালে মাছের সাথে ছোট-বড় অনেক কাঁকড়া ধরা পরে। পরবর্তীতে জাল থেকে কাঁকড়াগুলো নিয়ে আমি পুকুরে জমা করি। পুকুরে কাঁকড়াগুলো বড় হয়। এখন ২০০-২৫০ গ্রাম ওজনের কাঁকড়া আমার পুকুরে রয়েছে। অল্প কিছুদিন পর কাঁকাড়াগুলো বাজারে বিক্রয়ের জন্য নিয়ে যাবো। সাইজ অনুযায়ী কাঁকড়া ৬০০-১২০০ টাকা পর্যন্ত বিক্রয় করা সম্ভব। তবে আমার স্বল্প মূলধন থাকায় বড় আকারে চাষ করা সম্ভব হচ্ছে না। সরকার যদি আমাকে এই কাঁকড়া চাষে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আমি অনেক বেশি লাভবান হতে পারবো।
চাষি বলেন, কাঁকড়া সর্বভূক প্রাণী। তারা বিভিন্ন ধরনের খারার খায়। তাদের খাদ্য তালিকার মধ্যে রয়েছ, যেমন – শেওলা, জৈব আবর্জনা, শামুক, তেলাপিয়া ও অন্যান্য ছোট মাছ। চাষ করা কাঁকড়ার খাবার হিসাবে আমি শামুক ও ছোট মাছের টুকরা দিয়ে থাকি।
কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল আলীম বলেন, এ অঞ্চলে প্রাকৃতিক কাঁকড়া উৎপাদন হয় তা জানি।
তবে, কর্ণফুলীতে প্রথম বারের মত কাঁকড়া চাষ হচ্ছে তা জেনে খুবই ভালো লাগছে। চাষিদের বর্তমানে তেমন কোনো সুযোগ-সুবিধা দেওয়ার মতো প্রকল্প আমার হাতে নেই। তিনি আরো বলেন, শফি চাষির মতো অন্যরাও যদি কাঁকড়া চাষে আগ্রহী হয় তাহলে কর্ণফুলীতে কাঁকড়া চাষ সুফল বয়ে আনবে।