সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শিকলবাহা চৌধুরী মসজিদ রোড এবং শিকলবাহা কলেজ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন।
অভিযানে বিএসটিআই থেকে মান সনদ ছাড়াই আইসক্রিম ও বেকারি পণ্য উৎপাদন, বিক্রয়, মোড়কজাত ও বিতরণের অপরাধে ‘নিউ পুলার আইসক্রিম ফ্যাক্টরি’কে ৩০ হাজার টাকা এবং ‘আধুনিক ব্রেড অ্যান্ড বেকারি’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার জেরিন তাসনিম, পরীক্ষক প্রিময় মজকুরী জয় এবং কর্ণফুলী থানার পুলিশ টিম।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন জানান, বিএসটিআই আইন অমান্য করায় দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কোনো ধরনের পণ্য উৎপাদন বা বাজারজাত করা যাবে না। এ সময় প্রতিষ্ঠানগুলোকে দ্রুত আধুনিকায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।