গাজীপুর প্রতিনিধি : গরু চুরির অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেনের বোন আসমা বেগমসহ ৫জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) রাত সাড়ে ১০টায় পুবাইলের হায়দারাবাদ এলাকার মোঃ আলাউদ্দিন বাদী হয়ে গাছা থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের গাজীপুর মূখ্য হাকিম আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিন) মোহাম্মদ ইলতুৎমিশ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর জেলার নকলা থানার গনপদ্দি গ্রামের আক্কাস আলীর ছেলে আলী (৩৮), কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার শিমুলিয়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে সীমা আক্তার শিমু (২৫), গাজীপুরের গাছা থানার কুনিয়া পাঁছর এলাকার মৃত সুন্দর আলীর ছেলে নুরুল ইসলাম (৩৬)।
মামলার অপর আসামিরা হলেন- গাজীপুর জেলার গাছা থানার হেলাল উদ্দিনের স্ত্রী ও ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেনের বোন আসমা বেগম (৩৮), গাজীপুর জেলার গাছা থানার কুনিয়া পাঁছর এলাকার বাচ্চু মিয়ার ছেলে সাফায়েত হোসেন বাবু (২৫)।
ইলতুৎমিশ বলেন, গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ১২টার দিকে দক্ষিন খাইলকুর বগারটেক এলাকার মাঠ থেকে একটি বকনা বাছুরসহ গাভী চুরি হয়। পরে গরুর মালিক আলাউদ্দিন আশপাশের সিসি টিভির ফুটেজ দেখে অজ্ঞানতামা এক মহিলাকে শনাক্ত করে। পরবর্তীতে ওই মহিলাকে স্থানীয় ইঞ্জিনিয়ার রোডে কাউন্সিলরের বোন আসমা বেগমের বাড়ির সামনে দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে। খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে গরু চুরির সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যে মামলার অপর আসামি সাফায়েত হোসেন বাবুর (২৫) গোয়াল ঘর থেকে চোরাইকৃত গরু ও বাছুর উদ্ধার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ গরু চোর চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কাউন্সিলরের বোন আসমা বেগমের নেতৃত্বে গরু চুরির কথা স্বীকার করেছেন। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এবিষয়ে ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আসমা বেগম তার বোন। মামলার বিষয়টি তিনি শুনেছেন। তবে, কে কে এর সাথে জরিত এই সম্পর্কে
তিনি নিশ্চিত নয়।