নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় দফায় রিমান্ড শেষে বনানী থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্র নায়িকা পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল এই আদেশ দেন।
এর আগে দুই দিনের রিমান্ড শেষে আজ শুক্রবার বেলা ১১টা ৫৫ মিনিটে পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুকে আদালতে হাজির করেন মামলার তদন্ত সংস্থা সিআইডি। এরপর তাদের আদালতের হাজত খানায় রাখা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
পরীমণির পক্ষের আইনজীবী মজিবুর রহমান জামিনের আবেদন করে শুনানি করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষ পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিন বাতিল চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ৪ আগস্ট রাজধানী বনানীর বাসা থেকে চিত্রনায়িকা পরীমনিকে বিপুল মাদকসহ গ্রেপ্তার করে র্যাব। পরদিন তাঁর বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। এরপর গত ৫ আগস্ট তাঁকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। সেই রিমান্ড শেষে গত ১০ আগস্ট বনানী থানার মামলায় পরীমনিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস।






