গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন আদর্শ ও আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক সৃজনশীল বইপাঠ ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। দু’শতাধিক বন্দি মাসব্যাপী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের বঙ্গবন্ধু বুক কর্নারে সোমবার সকালে প্রতিযোগিতার আয়োজন করে কারাকর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।
এ প্রতিযোগিতায় মাদক, চুরি, নারী ও শিশু নির্যাতন, অর্থ ঋণ, ডাকাতি, যৌতুক, অস্ত্র মামলার বিচারাধীন আসামি ও সাজাপ্রাপ্ত কয়েদিরা অংশগ্রহণ করেন। কারাগারের অন্তরীন পরিবেশে বঙ্গবন্ধুর জীবন আদর্শ ও মুক্তিযুদ্ধের রহস্যোদ্ধারে মুক্ত মনের জ্ঞান চর্চার বিরল দৃষ্টান্ত স্থাপনে অনেকেই সন্তোষ প্রকাশ করেন। পাঠোদ্ধারে অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন, বঙ্গবন্ধুর ভাষন সংকলন, আগরতলা মামলার চৌদ্দনম্বর আসামি গ্রন্থ নির্বাচন করাহয়। জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, মুক্তি যুদ্ধের প্রকৃত ইতিহাস জানতেহলে বঙ্গবন্ধুর লেখা বই পড়তে হবে।
অনুষ্ঠানে জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো গিয়াস উদ্দিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসরীন তানভীর জেলার দেবদুলাল কর্মকার ও অন্যান্য কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।






