রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলার কৃষি কর্মকর্তা ও বিসিএস কৃষি ক্যাডার সদস্য কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর বর্বরোচিত শারীরিক হামলার প্রতিবাদে শ্রীবরদী উপজেলা কৃষি অফিসে কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে শ্রীবরদী উপজেলা কৃষি অফিসার মো. মাহমুদুল হাসান আকন্দের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অফিসার ইয়াসিন আলী ও শশাঙ্ক শেখর ঘোষ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল করিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হারুন তালুকদার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকির হোসেন রশিদসহ অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, “একজন সরকারি কর্মকর্তার উপর এ ধরনের ন্যাক্কারজনক ও পরিকল্পিত হামলা শুধু ব্যক্তিগত অপমান নয়, এটি রাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামোর উপর হামলা। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
তারা আরও বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা মাঠে কৃষকদের পাশে থেকে কাজ করে দেশের খাদ্য নিরাপত্তা ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অথচ তারা বারবার অযৌক্তিক হামলা ও নিপীড়নের শিকার হচ্ছেন। এর ফলে কর্মকর্তাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, যা কৃষি উন্নয়নের ধারাবাহিকতায় বিরূপ প্রভাব ফেলতে পারে।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা চাই মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক, যাতে কেউ দায়িত্ব পালনের সময় এমন নির্যাতনের শিকার না হয়। একই সঙ্গে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর ২০২৫ তারিখে নকলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর দুষ্কৃতকারীরা অফিস কক্ষে ঢুকে হামলা চালায়। এ ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে দেশের বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তা ও কর্মচারীরা।