বিশেষ প্রতিনিধি
নানা আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শহরের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালিও অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা দলের সভাপতি জোলেখা আক্তার ডেইজি-এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক নূর তানজিলা রহমান-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন ভিপি।
প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদিন ভিপি বিএনপির গৌরবময় ইতিহাস তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে মহিলা দলের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে মহিলা দল সবসময় সামনের সারিতে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সহ-সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস মিতু এবং সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা কাউন্সিলর জয়নব বানু। তাঁরা তাঁদের বক্তব্যে দলের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও নেতাকর্মীরা কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। এরপর পৌর শহরের প্রধান প্রধান সড়কে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিতে দলের স্লোগান ও প্ল্যাকার্ড এবং ব্যানার হাতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।