
ইউনাইটেড নিউজ ডেস্ক
গত ২৮ দিনে করোনায় সারাদেশে মারা গেছেন ৫ হাজার মানুষ। এ সময় দৈনিক গড়ে প্রায় ১৮০ জনের মৃত্যু হয়েছে। বিশ্বে যেসব দেশে করোনায় দৈনিক মৃত্যু সবচেয়ে বেশি হচ্ছে, সেই তালিকায় বর্তমানে দ্বাদশ অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশে করোনা সংক্রমণে মৃত্যু ১৪ হাজার ছাড়িয়েছিল এনিয়ে।
ঈদের অনিয়ন্ত্রিত চলাচল, হাটে লোকসমাগমের প্রভাব আরও দুই সপ্তাহ পর সংক্রমণে দেখা যাবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনায় মৃত্যু বেশি হওয়ার তিনটি কারণ রয়েছে বলে জানান করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম।
তিনি গণমাধ্যমকে বলেন, সংক্রমণ শনাক্ত বেশি হলে মৃত্যু বেশি হবে। যে ভেরিয়েন্ট দেশে বেশি কার্যকর, তা যদি বেশি ক্ষতিকারক হয় তাহলে মৃত্যু বেশি হবে। আর চিকিৎসাব্যবস্থা যদি ঠিক না হয় তাহলে মৃত্যু বেশি হবে। নজরুল ইসলাম বলেন, দেশে করোনায় মৃত্যু বাড়ার তিনটি কারণেরই উপস্থিতি দেখা যাচ্ছে। বর্তমানে যে লকডাউন দেওয়া হচ্ছে তাতে স্বাস্থ্যসংক্রান্ত বিষয়াদি (মেডিকেল কমপোনেন্ট) থাকছে না। এমন ‘নন–মেডিকেল লকডাউন’ সংক্রমণ নিয়ন্ত্রণে খুব একটা কাজ হবে না।