রেজাউল হক রিয়াদ, কক্সবাজারঃ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে আবারও প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ৮টার দিকে কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের জেটি রাস্তায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন এবং অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের সরুতা, বেহাল অবস্থা ও অতিরিক্ত গতি এই দুর্ঘটনার কারণ হতে পারে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।
স্থানীয়দের অভিযোগ, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিন দিন মৃত্যুর ফাঁদে পরিণত হচ্ছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়। দীর্ঘদিন ধরে এই মহাসড়ক ছয় লেন করার দাবি জানিয়ে আসছে বিভিন্ন মহল। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
সচেতন মহল মনে করছেন, দ্রুত এই মহাসড়ক উন্নয়ন করা না হলে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা আরও বাড়বে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।