#মুম্বই: প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) মেয়ে সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) ১৯৮৭ সালের ২ জুন-এ জন্মগ্রহণ করেন। ২০১০ সালে সলমন খানের (Salman Khan) বিপরীতে ‘দাবাং’ (Dabangg) ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন। এই ছবির জন্য তিনি সেরা নতুন মুখ হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান। এর পরে তাঁকে বহু ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে ‘রাউডি রাঠোর’ (Rowdy Rathore), ‘সন অফ সর্দার’ (Son Of Sardar), ‘দাবাং ২’ (Dabangg 2), ‘মিশন মঙ্গল’ (Mission Mangal) এবং ‘লুটেরা’ (Lootera)। এই সব ছবিতে তাঁর চরিত্রগুলি যেমন দাবাং, তেমনই রিয়েল লাইফেও ডাকাবুকো স্বভাবের এই অভিনেত্রী। একটি সাক্ষাৎকারে সেই কথা প্রকাশ্যে আনেন সোনাক্ষী। যখন তিনি ক্লাস সিক্স-এ পড়তেন তখনই ঘটিয়েছিলেন এক কাণ্ড। তাঁর বাবা শত্রুঘ্ন সিনহা তখন সবে মন্ত্রীর আসনে বসেছেন। বাড়ি ভর্তি নিরাপত্তারক্ষী। কিশোরী সোনাক্ষী যখন স্কুলে যেতেন তখনও এক গাড়ি নিরাপত্তারক্ষী তাঁর সঙ্গে থাকত। ব্যস, এতেই আপত্তি তোলেন তিনি। একেবারে সিদ্ধান্ত নিয়ে বলেন তিনি আর স্কুলে যাবেন না, যতক্ষণ না বন্দুকধারী নিরাপত্তারক্ষী সরানো হয়!
করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) রেডিও শো-তে সোনাক্ষী গত বছর এসেছিলেন। সেখানেই তিনি বলেন, ‘আমার এটা খুব অস্বস্তিকর লাগত ছেলেবেলায় যে আমি যেখানেই যাব আমার সঙ্গে কেউ থাকবে। আর আমার বাবা যখন মন্ত্রী হলেন তখন আমি ক্লাস সিক্স বা সেভেনে পড়ি। আচমকাই বন্দুকধারী সব নিরাপত্তারক্ষীরা আমার সঙ্গে যাতায়াত শুরু করল। আমি স্কুলে যাচ্ছি আর একটা গোটা জিপ ভর্তি নিরাপত্তারক্ষী আমার পিছনে। গোটা স্কুল ভাবত এটা কী হচ্ছে? আমি সোজা মায়ের কাছে গিয়ে বলেছিলাম আমি স্কুলেই যাব না যতক্ষণ না পর্যন্ত এটা বন্ধ হচ্ছে। কারণ আমি সবসময় স্বাধীন হতে চাইতাম, তাই সিকিউরিটির ব্যাপারটা আর কখনই পছন্দ ছিল না’। আভিনেত্রী আরও বলেন, তিনি বাড়ি থেকে অনেক দূরের কলেজে ভর্তি হয়েছিলেন। কারণ, ট্রেনে চেপে যাতায়াত করা ছিল তাঁর একমাত্র লক্ষ্য। ছোট থেকে যে অভিজ্ঞতা তাঁর হয়নি, সেটায় তিনি নিজে থেকেই অভিজ্ঞ হতে চেয়েছিলেন।
সোনাক্ষীর আগামী ছবি ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া (Bhuj: The Pride of India) মুক্তির আপেক্ষায় রয়েছে। যার লেখক, পরিচালনা ও সহ-প্রযোজনার দায়িত্বে রয়েছেন অভিষেক দুধাইয়া (Abhishek Dudhaiya)। এছাড়াও নেটফ্লিক্সের আসন্ন ছবি ‘বুলবুল-তরঙ্গ’-এ (Bulbul Tarang) থাকছেন সোনাক্ষী।