মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :

জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ২২৫ সময় দেখুন
জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ উল্লেখ করে গত বুধবার (২ মার্চ) রায় দেন হাইকোর্ট। তবে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়ে ছিলেন নিপুণ।

সেই ধারাবাহিকতায় নিপুণের করা আপিলে জায়েদ খানকে শিল্পী সমিতির সম্পাদক ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশ সুপ্রিম কোর্টের চেম্বার আদালত চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন।

রোববার (৬ মার্চ) শুনানি শেষে এ আদেশ দিয়েছেন বিচারপতি ওবায়দুল হাসানের একক বেঞ্চ।

এদিকে সুপ্রিম কোর্টের এ আদেশে সন্তোষ প্রকাশ করেছেন চিত্রনায়িকা নিপুণ। এ কারণে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে চার সপ্তাহের জন্য কেউ বসতে পারবেন না।

অন্যদিকে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খানকে বয়কট করেছে সিনেমা সংশ্লিষ্ট ১৮ সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবার। ১৮ সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

গত শুক্রবার (৪ মার্চ) তৃতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বিএফডিসির স্টাডি রুমের সামনে খোলা মাঠে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন তাকে শপথবাক্য পাঠ করান।

এ সময় আরও শপথ নেন সিনিয়র সহসভাপতি মনোয়ার হোসেন ডিপজল, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক জয় চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সুচরিতা ও অরুণা বিশ্বাস। শপথ শেষে সমিতির প্রথম কার্যনির্বাহী মিটিংয়ে অংশ নেন উপস্থিত সবাই।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন চিত্রনায়ক জায়েদ খান। নিপুণ আক্তার পান ১৬৩ ভোট। এরপর টাকা দিয়ে ভোট কেনাসহ একাধিক অভিযোগ আনেন নিপুণ। পরে জায়েদের প্রার্থিতা বাতিল চেয়ে শিল্পী সমিতির আপিল বোর্ডে আবেদন করেন নিপুণ। আবেদনের পরিপ্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে করণীয় জানতে আবেদন করেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

আবেদনের পরিপ্রেক্ষিতে ২ ফেব্রুয়ারি সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে আপিল বোর্ডকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। গত ৫ ফেব্রুয়ারি অর্থের বিনিময়ে ভোট কেনার দায়ে বিজয়ী প্রার্থী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। একই সঙ্গে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক ঘোষণা দেন।

আপিল বোর্ডের চেয়ারম্যানের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হন জায়েদ খান। ৭ ফেব্রুয়ারি আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এক সপ্তাহের রুল জারি করেন আদালত। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন নিপুণ। ৯ ফেব্রুয়ারি শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থা জারি করেন চেম্বার আদালত।

গত ১৪ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থাও বহাল রাখা হয়। পাশাপাশি এ বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দেন আদালত। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ছয় বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর