খায়রুল খন্দকার, টাঙ্গাইল :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামসহ জোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু’র সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম ভূঞাপুর থানা শাখার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারী) দুপুরে উপজেলার শহীদ জিয়া মহিলা কলেজে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আগত নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকালীন করণীয়, দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং জোটের ঐক্য আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ আসনের জোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে সকল ইসলামী ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, টাঙ্গাইল-২ আসনের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন এবং জোটের সকল শরিক দলকে সঙ্গে নিয়ে একটি গ্রহণযোগ্য ও জনবান্ধব নির্বাচন উপহার দিতে দৃঢ় প্রতিজ্ঞ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ জোট মনোনীত প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং আগামী দিনে মাঠপর্যায়ে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম কাসেমী, জেলার সাংগঠনিক সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, ভূঞাপুর থানা জমিয়তের সভাপতি মাওলানা শহীদুল্লাহ আন্দিপুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি শাব্বির আহমাদ, প্রচার সম্পাদক মাওলানা মাহদী হাসান শিবলী, যুব জমিয়ত টাঙ্গাইল জেলার সহ-সভাপতি মাওলানা আব্দুল লতিফ, মুফতি যোবায়ের আহমাদ এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান শিমুলী।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মিনহাজ খান, যুব জমিয়ত ভূঞাপুর থানা শাখার সভাপতি মাওলানা বেলাল হুসাইন, সাধারণ সম্পাদক খন্দকার সোহাইল, সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল কাশেম আল হাদী এবং ছাত্র জমিয়ত ভূঞাপুর থানা শাখার সভাপতি মুফতি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান, প্রচার সম্পাদক মারুফ হাসান, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।