বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

পশু বিক্রির জন্য প্রস্তুত আফতাব নগর হাট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩৩৭ সময় দেখুন
পশু বিক্রির জন্য প্রস্তুত আফতাব নগর হাট


ডেস্ক রিপোর্ট:: বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকে একের পর গরুবোঝাই ট্রাক ঢুকে রাজধানীর ঐতিহ্যবাহী আফতাব নগর পশুর হাটে। ট্রাক থেকে গরু নামাচ্ছেন ব্যবসায়ীরা, কেউ কেউ গরু রাখার জন্য গর্ত করে খুঁটি স্থাপনের কাজ করছেন।

আফতাব নগরের ইস্টার্ন হাউজিং এলাকার মাঠ পেরিয়ে রাস্তার পাশে ব্যবসায়ীরা গরুর খুঁটি বসানো শুরু করেছেন। হাট কর্তৃপক্ষও তড়িগড়ি করে হাসিল ঘর এবং কন্ট্রোলরুম তৈরি করছে। তবে বৃহস্পতিবার (১৫ জুলাই) পর্যন্ত এ হাটে ক্রেতার উপস্থিতি চোখে পড়েনি। তবে হাট কর্তৃপক্ষের দাবি, আজ শুক্রবার ও আগামীকাল শনিবার জমে উঠবে আফতাব নগরের এ পশুর হাট।

বৃহস্পতিবার বিকেলে গিয়ে দেখা যায়, ইস্টার্ন হাউজিংয়ের মাঠগুলোয় খুঁটিতে সারিবদ্ধভাবে বাঁধা কোরবানির পশু। মাঠের পাশাপাশি ওই এলাকার বাসা-বাড়ির রাস্তাগুলো দখল করে রাখা হয়েছে গরু। তবে ক্রেতার দেখা মিলছে না। যে দুই একজন বাজারে আসছেন তারা গরু দেখে চলে যাচ্ছেন।

হাট কর্তৃপক্ষ বলছেন, পাবনা, কুষ্টিয়া, যশোর থেকে বৃহস্পতিবার অন্তত দেড় থেকে দুইশ গরুবোঝাই ট্রাক এসেছে বাজারে। ব্যবসায়ীরা গরুগুলোকে খাবার দিচ্ছেন, থাকার জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন।

ইজারাদা ওমর শরীফ দিপু বলেন, হাটের সব প্রস্তুততি নেওয়া হয়েছে। আশা করছি, আজ থেকে গরু বিক্রি শুরু হবে। এবার ১৩টি হাসিলঘর বসিয়েছি। হাসিলের পাশাপাশি হাটে ২০-২৫ পশুর চিকিৎসক দায়িত্ব পালন করবেন। গরু ব্যবসায়ীদের যখন যা প্রয়োজন তা আমাদের কাছে বললেই পাচ্ছেন।

তিনি বলেন, পাবনা, কুষ্টিয়া, যশোর এলাকার পাশাপাশি ফরিদপুর, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ থেকে এ হাটে গরু নিয়ে আসছেন ব্যবসায়ীরা। করোনার এই সময়ে আমাদের লক্ষ্যমাত্রার অর্ধেক গরু এরই মধ্যে হাটে চলে এসেছে।

কুষ্টিয়া থেকে ১৭টি গরু নিয়ে বৃহস্পতিবার সকালে আফতাব নগরে আসা ব্যবসায়ী লেয়াকত আমীন ঢাকা পোস্টকে বলেন, দুই বছর পর এবার এ হাটে গরু নিয়ে এসেছি। বিকেল পর্যন্ত ক্রেতার দেখা পাওয়া যায়নি। আশা করছি আজ থেকে বিক্রি শুরু হবে।

গরুর দাম কেমন জানতে চাইলে তিনি বলেন, গতবারের চেয়ে এবার গরু দাম একটু বেশি। গতবার যে গরু ১ লাখ টাকা দিয়ে কিনেছি, এবার এই গরু কিনতে হয়েছে ১ লাখ ৩০ হাজা টাকায়। তাছাড়া এক বছর লালন-পালন করেছি। সব মিলে একটি গরুর পেছনে অনেক টাকা লগ্নি করতে হয়েছে। তাই ১ লাখ ৭০ হাজার টাকা বিক্রি না হলে লোকসান গুণতে হবে।

তিন ভাই মিলে দুটি গরু কিনতে আসা এরশাদুল ইসলাম বলেন, দুটি গরু কেনার জন্য এসেছি। গতবার যে গরু ১ লাখ টাকা দিয়ে কিনেছিলাম, এবার সেই আকারের একটি গরুর দাম চাচ্ছে দুই লাখ টাকা। চার মণ ওজনের দুটি গরুর দাম ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বললাম দিল না। সাড়ে তিন লাখের নিচে দেবে না বলে জানিয়ে দিল।

উল্লেখ্য, এবার দুই সিটি করপোরেশনে দুটি স্থায়ীসহ ২১টি হাট বসানো হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তরে গাবতলী স্থায়ী হাট ছাড়াও ৯টি অস্থায়ী হাট বসানো হয়েছে। অন্যদিকে ঢাকা দক্ষিণে সারুলিয়ার স্থায়ী পশুর হাট ছাড়াও ১০টি অস্থায়ী হাট বসানো হচ্ছে। সব মিলিয়ে ঢাকায় ২১টি পশুর হাট বসেছে। দুই সিটি করপোরেশনের ঘোষণা অনুযায়ী, ১৭ জুলাই থেকে ২১ জুলাই (ঈদের দিন) পর্যন্ত পাঁচ দিন হাটে কোরবানির পশু বেচা-কেনা হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর