নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার থেকে ওটিসি (ওভার দ্য কাউন্টার) প্ল্যাটফর্মকে অকার্যকর করা হয়েছে। ওটিসি বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ৪১টিকে এসএমই প্ল্যাটফর্ম ও বিকল্প লেনদেন (অলটারনেটিভ ট্রেডিং) বোর্ডে স্থানান্তর করা হয়েছে। আর বাকি ২৯টিকে বাজার থেকে তালিকাচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আগামীকাল রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে ওটিসি বাজারে কোনো কোম্পানির লেনদেন হবে না।
এদিকে এ–সংক্রান্ত আদেশ জারি করেছে বিএসইসি। আদেশে বলা হয়েছে, ওটিসি বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ২৩টিকে এসএমই প্ল্যাটফর্মে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। এ ২৩ কোম্পানির মধ্যে ৭টি উৎপাদনে রয়েছে, বাকি ১৬টির উৎপাদন বন্ধ। এ ছাড়া ওটিসিতে তালিকাভুক্ত ১৮টি কোম্পানিকে অলটারনেটিভ ট্রেডিং বোর্ড বা বিকল্প লেনদেন বোর্ডে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। বাকি ২৯টিকে নিয়ম অনুযায়ী তালিকাচ্যুত করা হবে। এর ফলে ওটিসি বাজারে লেনদেনযোগ্য আর কোনো কোম্পানি থাকবে না।
বিএসইসি সূত্রে জানা যায়, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে পুঁজিবাজার থেকে ওটিসি মার্কেট বাদ দেয়া হয়েছে। এ মার্কেটটিতে দুর্বল যেসব কোম্পানি বিনিয়োগকারীদের লভ্যাংশ দেবে না, উৎপাদনে যাবে না এগুলোকে একেবারে মার্কেট থেকে আউট করে দেয়া হচ্ছে। বিনিয়োগকারীদের প্রাপ্য মিটিয়ে দিয়ে কোম্পানিকে তালিকাচ্যুত করে দেয়া হবে। যেসব কোম্পানি উৎপাদনে যাবে, তাদের আগামী এক মাসের মধ্যে এটিবি ও এসএমই বোর্ডে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।






