নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারির মধ্যেও রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ইতিহাস গড়লেও আজ সোমবার (১৯ জুলাই) আরো উচ্চতায় উঠেছে সূচকটি। আজ এই সূচকটি প্রথম বারের মতো ছয় হাজার ৪০০ পয়েন্ট অতিক্রম করেছে।
জানা গেছে, আজ ডিএসইএক্স সূচকটি ৩৯.৯২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪০৫.০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। যা সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়ার পরে সর্বোচ্চ। আর রবিবার সূচকটি চালু হওয়ার পর সর্বোচ্চ স্থানে উঠেছিল।
অধ্যাপক শিবলীর কমিশন নানামূখী কার্যকর সিদ্ধান্তের মাধ্যমে বাজারে ইতিবাচক প্রভাব পরে। দেখা গেছে, ১ বছর আগে অর্থাৎ গত বছরের ১৯ জুলাই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ডিএসইএক্স ছিল ৪০৫০.৬৫ পয়েন্টে। যা আজ (১৯ জুলাই ২০২১) বেড়ে দাড়িঁয়েছে ৬৪০৫.০৪ পয়েন্টে। অর্থাৎ ১ বছরে ডিএসইএক্স বেড়েছে ২৩৫৪.৩৯ পয়েন্ট বা ৫৮ শতাংশ।
আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৩৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৬.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৮৭.৭৬ পয়েন্টে এবং দুই হাজার ৩৩২.৩৭ পয়েন্টে।
আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ২৬৪ কোটি ৪৯ লাখ টাকার। যা আগের দিন থেকে ৫২৮ কোটি ৫৩ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৭৯৩ কোটি ২ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৯টির বা ৪২.৭২ শতাংশের, শেয়ার দর কমেছে ১৭৯টির বা ৪৮.১২ শতাংশের এবং ৩৪টির বা ৯.১৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।






