
ইউনাইটেড নিউজ ডেস্ক:: পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। তার নেতৃত্বে দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের মহান স্বাধীনতা। বঙ্গবন্ধু মানে একটি ইতিহাস, একটি দেশ ও একটি পতাকা। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না। বঙ্গবন্ধু কাল থেকে কালান্তরে ইতিহাসের চেতনায় আজীবন বেঁচে থাকবেন।
যারা দেশের স্বাধীনতা চায়নি তারাই তাঁকে হত্যা করেছে। কিন্তু তাদের সে স্বপ্ন সফল হয়নি। কারণ, জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী।দক্ষিণ আফ্রিকা থেকে নেলসন মেন্ডেলা, আমেরিকা থেকে জর্জ ওয়াশিংটন, সোভেয়েত ইউনিয়ন থেকে ভ্লাদিমির লেলিন, ভারত থেকে মহাত্মা গান্ধী, ভিয়েতনাম থেকে হো চি মিন এর নাম যেমন মুছে ফেলা সম্ভব নয়, তারা তাদের রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। তেমনি বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক এবং অভিন্ন। তাই বঙ্গবন্ধু’কে কখনো বাংলাদেশ থেকে কেউ মুছে ফেলতে পারবে না। তিনি বেঁচে থাকলে বিশ্ব নেতা হতেন।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালনের লক্ষ্যে শনিবার (৩১ জুলাই) সকালে শরীয়তপুরের নড়িয়ায় উপজেলা ও সখিপুর থানা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন আয়োজিত যৌথ প্রস্তুতিসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এছাড়াও উপমন্ত্রী এনামুল হক শামীম ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে নড়িয়ার চামটা ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ২৫০ জনকে চাল ও ২০০ জনকে নগদ বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।