
আবু হোসাইন সুমন, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ::
বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় দুই দেশের নৌবাহিনীর জাহাজের অংশগ্রহণে চতুর্থবারের মত অনুষ্ঠিত হচ্ছে যৌথ টহল ‘করপ্যাট’ (সমন্বিত টহল) ও দ্বিপক্ষীয় মহড়া ‘বঙ্গোপসাগর’। এ টহল ও মহড়া গত ২২ মে থেকে শুরু হয়েছে যা চলবে ২৭ মে পর্যন্ত।
ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আইএনএস কোরা, আইএনএস সুমেধা ও বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা আলী হায়দার এবং আবু উবাইদাহ এ টহল ও মহড়ায় অংশ নেয়। এরপর মঙ্গলবার বিকেলে ভারতীয় জাহাজ দুইটি মোংলা বন্দর কর্তৃপক্ষের জেটিতে এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড দল তাদেরকে অভিবাদন জানায়।

এ সময় নৌবাহিনীর মোংলা ঘাটির অধিনায়ক ক্যাপ্টেন মোশাররফ হোসেন জাহাজ দুইটিকে অভ্যর্থনা জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইশ্বমীসহ বাংলাদেশে নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতীয় জাহাজ কোরার কমান্ডার প্রদীপ কুমারের নেতৃত্বে ১৪ জন কর্মকর্তা, ১২১ জন নাবিক ও সুমেধার কমান্ডার সুমিত মালিকের নেতৃত্বে ১২ জন কর্মকর্তা ও ১১০জন নাবিক বঙ্গোপসাগরে টহল ও মহড়া অংশ নিচ্ছেন। বাংলাদেশ-ভারতের মধ্যকার পারস্পরিক সহযোগীতা ও বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরো জোরদারে ২০১৮ সাল থেকে এ যৌথ টহল অনুষ্ঠিত হয়ে আসছে।