কুষ্টিয়া ব্যুরো: কুষ্টিয়ার কুমারখালীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী জোয়ারদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার বাদ যোহর কুমারখালী বড় জামে মসজিদ ময়দানে প্রথম জানাজার নামাজ শেষে গার্ড অফ অনার এবং মরহুমের জন্মস্থান উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সদরপুর ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজার নামাজ শেষে সদরপুর গোরস্থানে তাকে সমাহিত করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী জোয়ারদারকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আকিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, যুদ্ধকালীন জেলার ডেপুটি কমান্ডার, উপজেলা মুুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি ছাড়াও বীরমুক্তিযোদ্ধা-সহ সর্বস্তরের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পারিবারিক সুত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী জোয়ারদার গত ১৪ জানুয়ারী সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কুমারখালী পৌরসভার দড়গা পাড়ায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
প্রবীণ এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে সংবাদকর্মীমসহ সর্বস্তরের মানুষ তার বাসভবনে ছুটে যান। বিশিষ্ট ব্যক্তিরা এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী জোয়ারদার এর জানাযা নামাজে অংশ নিতে, শেষ বারের মত শ্রদ্ধা ও শেষবারের মত দেখতে আসেন রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা-সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এদিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী জোয়ারদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।